সংবাদ শিরোনাম ::
জামালপুরে টিসিবির ১,৪৪৪ লিটার তেল জব্দ, দুইজন আটক
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১১:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জামালপুরে ভোক্তা অধিকার অধিদফতর এবং র্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শ ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার একটি পরিত্যক্ত গুদামে অভিযান পরিচালনা করা হয়। আটক দুজন হলেন শাহীন (৩২) ও বিশাল (২৬), যারা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।
ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এবং র্যাব-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যক্ত গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সেখানে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল তেল জব্দ করা হয়, যা মোট ১ হাজার ৪শ ৪৪ লিটার।
উভয় কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।













