ময়মনসিংহে শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
- আপডেট সময় : ০৬:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন শ্রমিক দল নেতা ও একজন সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। আহতরা হলেন নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সিএনজি চালক মো. রমজান আলী (৪৫) এবং অপর চালক মো. রাশেদ (২৪)। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে মহানগর শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল ইসলাম দুলাল জানান, সম্প্রতি সিএনজি স্ট্যান্ড স্থানান্তরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। তার অভিযোগ, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল-এর নেতৃত্বে একদল লোক চাঁদা দাবি করে এবং তা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে দেবব্রত দাস দুকুল বলেন, স্ট্যান্ড স্থাপন নিয়ে শ্রমিকদের মধ্যেই বিরোধ হয়েছে এবং তিনি কোনো হামলায় জড়িত নন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানা যাবে।




















