রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
- আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রূপগঞ্জ ইউনিয়ন-এর মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১০ থেকে ১২ জনের একটি দল রামদা, চাপাতি ও ছুরিসহ ধারালো অস্ত্র নিয়ে ভোরে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাকে, তার স্ত্রী তন্নী আক্তার এবং মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি থেকে প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার, ৪ লাখ টাকা নগদ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এর দুই দিন আগেই একই এলাকার আলমগীরের বাড়িতে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। এছাড়া এর আগে একই গ্রামের শিহাবদের বাড়ি থেকেও গবাদিপশু লুটের ঘটনা ঘটেছে বলে জানান বাসিন্দারা। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত ওসি মোক্তার হোসেনের নেতৃত্বে পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক হারুন উর রশিদসহ পুলিশ সদস্যরা আলামত সংগ্রহ করেন।
পূর্বাচল ক্যাম্পের উপপরিদর্শক হারুন উর রশিদ জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















