আমদানি খরচ বাড়ায় তেলের দাম বৃদ্ধি: জ্বালানি মন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিভিন্ন দেশ ইতোমধ্যেই তাদের মূল্য সমন্বয় করেছে। এমনকি যুক্তরাষ্ট্র-ও তেলের দাম বাড়িয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যে দামে তেল আমদানি করছে, তার তুলনায় কম দামে এখনো বাজারে সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রা ব্যয় করে তেল আমদানি করতে হয়, তাই সহনীয় পর্যায়ে রাখতে সরকার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে দাম বাড়ানোর পরও জ্বালানিতে ভর্তুকি বহাল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সুনির্দিষ্ট ভর্তুকির হিসাব জানতে হলে মন্ত্রণালয় থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও, যেখানে গত দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে সংকট চলছিল।
এই প্রেক্ষাপটে গত শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে, যা রোববার থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।



















