সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, সময় বাড়িয়ে সমাধান
- আপডেট সময় : ০৭:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি সামাল দিতে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে পুনরায় সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিনটি কক্ষে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মোট ১৭৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর তাদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি শিক্ষককে জানানো হলেও প্রথমে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে প্রায় দেড় ঘণ্টা পর ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র দেওয়া হয় এবং সময় বাড়িয়ে দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বাড়তি সময় দেওয়া হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাদের খাতা নিয়ে নেওয়া হয়।
অভিভাবকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কেন্দ্র সচিবের দায়িত্বহীনতাকে দায়ী করে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে কেন্দ্রের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন, “ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, পরে তা সংশোধন করে সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সময়ও বাড়ানো হয়েছে।”
অন্যদিকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পর ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে সময় বাড়ানো হয় এবং ইতোমধ্যে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।




















