রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল দ্বিতীয় দিনেও বন্ধ
- আপডেট সময় : ১২:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবারও বাস চলাচল বন্ধ থাকায় কাউন্টারে এসে অনেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। এর আগে মঙ্গলবার সকাল থেকে বাস মালিক সমিতির সিদ্ধান্তে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
যাত্রীরা জানান, হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। শফিকুল আজিম নামের এক যাত্রী বলেন, আগের দিন ঢাকায় যাওয়ার পরিকল্পনা থাকলেও যেতে পারেননি। আজও বাসস্ট্যান্ডে এসে ফিরে যেতে হয়েছে। পরিবার ও ছোট শিশু নিয়ে এভাবে প্রতিদিন ঘুরে যাওয়া খুব কষ্টকর বলেও তিনি জানান।
রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের দ্বন্দ্বের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। অনেকে বিকল্প হিসেবে সিএনজি বা ভাড়ায় চালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার কেউ বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
রাজশাহী নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ঢাকায় জরুরি কাজে যাওয়ার জন্য সকালে বের হলেও এসে দেখেন কোনো বাস চলছে না। ফলে তিনি চরম অনিশ্চয়তায় পড়েছেন।
ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, ছোট শিশুকে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও কেউ পরিষ্কারভাবে কিছু জানাচ্ছে না, যা সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক।
এদিকে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে এবং বাস চলাচল স্বাভাবিক হবে।




















