বিশ্বকাপে পাক–ভারত মহারণ আজ, কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী
- আপডেট সময় : ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপের মঞ্চে বহুল প্রতীক্ষিত পাক–ভারত মহারণ আজ। বয়কটের আলোচনা, সমালোচনা ও নানা নাটকীয়তার পর অবশেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের জন্য প্রস্তুত কলম্বো। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী আর. প্রেমাদাসা স্টেডিয়াম–এ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তার আগে পুরনো হ্যান্ডশেক ইস্যু ও উসমান তারিকের বোলিং অ্যাকশন বিতর্ক ঘিরে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান পাকিস্তানের জন্য খুব একটা সুখকর নয়। ৭–১ ব্যবধানেই এগিয়ে ভারত। আইসিসি ইভেন্টে এই ফরম্যাটে ভারত কতটা প্রভাব বিস্তার করেছে, সেই সংখ্যাই তার প্রমাণ। ফলে ইতিহাস বদলানো সহজ হবে না পাকিস্তানের জন্য। তবে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে মাঠে নামছে সালমান আগার দল। অন্যদিকে ভারত চাইছে নিজেদের ধারাবাহিকতা অটুট রাখতে।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, আইসিসি ইভেন্টে তাদের রেকর্ড ভালো নয়, তবে অতীত থেকে শিক্ষা নিয়েই এগোতে চান তারা। তার ভাষায়, “ইতিহাস তো বদলানো যাবে না, কিন্তু সেখান থেকে শিখতে পারি, আর আমরা শিখেছিও।”
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষকে সম্মান জানিয়ে বলেন, পাকিস্তান সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। তবে নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দিতে চান তারা। “প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবলে নিজেদের শক্তির জায়গা খুঁজে পাওয়া যায় না,” মন্তব্য করেন তিনি।
দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন মাঠের লড়াইকে সবসময় বাড়তি মাত্রা দেয়। যদিও মাঠে ক্রিকেটারদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রায়ই নজরে পড়ে। তবে এশিয়া কাপে হ্যান্ডশেক ইস্যুতে কিছুটা তিক্ততা দেখা দিয়েছিল। এবারও ম্যাচ শেষে দুই দল হাত মেলাবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। সালমান আগা এ প্রসঙ্গে বলেন, তিনি চান ক্রিকেট যেন তার স্বাভাবিক ধারাতেই এগিয়ে যায়।
এবারের আলোচনার বড় অংশজুড়ে রয়েছেন পাকিস্তানি স্পিনার উসমান তারিক। তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই চলছে। তবে পাকিস্তান অধিনায়কের দাবি, উসমান ইতোমধ্যে আইসিসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাই এ বিতর্কের কোনো ভিত্তি নেই।
ভারত শিবিরে নজর রয়েছে ওপেনার অভিষেক শর্মা–র দিকে। পেটের সমস্যার কারণে আগের ম্যাচে না খেললেও অনুশীলনে ফিরেছেন তিনি এবং আজকের ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত বলে জানা গেছে।
কলম্বোতে দুই ম্যাচ খেললেও পাকিস্তানের জন্য প্রেমাদাসার উইকেট এখনো পুরোপুরি চেনা হয়ে ওঠেনি। ম্যাচের আগের দিন তারা কঠোর অনুশীলনে না নামলেও ভারত ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
সব মিলিয়ে বিশ্বকাপের এই মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইতিহাসের ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি বদলাবে পরিসংখ্যান—তার উত্তর মিলবে প্রেমাদাসার আলো ঝলমলে রাতে।
















