আইজিপি বাহারুল আলমের পদত্যাগ নিয়ে গুঞ্জন
- আপডেট সময় : ০৪:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে প্রশাসনিক অঙ্গনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এমন একটি খবর শুনেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দাবি করেছে, বাহারুল আলম পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আইজিপির ফোনে সাড়া পাওয়া যায়নি। ফলে পদত্যাগের খবর নিয়ে ধোঁয়াশা কাটেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর তিনি আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলাম–এর স্থলাভিষিক্ত হন। সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল।
বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার অভিজ্ঞতা রয়েছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এছাড়া ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে বিভিন্ন ফিল্ড মিশনে দায়িত্ব পালন করেন।
২০২০ সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগে আইজিপির দায়িত্ব পান তিনি। তার পদত্যাগের বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা বা ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থাকছেই।














