স্থানীয় সরকার নির্বাচন: একক পথে এনসিপি, সরকারের কাছে স্পষ্ট রূপরেখা দাবি
- আপডেট সময় : ০৮:৫৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
জোটগতভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে আপাতত এককভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় দলটির পক্ষ থেকে ধোঁয়াশার অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়সূচি ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
যমুনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সারাদেশে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, দলটি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এবং এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট ঘোষণা প্রত্যাশা করছে।
তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। সরকারের উচিত নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে একটি সুস্পষ্ট টাইমলাইন প্রকাশ করা—কোন কাঠামোর নির্বাচন আগে হবে, কোনটি পরে, এবং কতদিনের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দায়সারা বক্তব্যের পরিবর্তে আনুষ্ঠানিক রূপরেখা ঘোষণা করলে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ও আস্থার পরিবেশ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বললেও ইতোমধ্যে ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এনসিপির অভিযোগ, এই প্রশাসক নিয়োগ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করছে এবং এটি নির্বাচন পেছানোর ইঙ্গিতও হতে পারে।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, কোনো ধরনের স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই ছয়জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং তাঁদের নিয়োগের মেয়াদ নিয়েও স্পষ্ট ব্যাখ্যা নেই। সরকার বলছে পরবর্তী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন—সেক্ষেত্রে প্রশাসক থাকা অবস্থায় নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাঁর দাবি, সব পর্যায়ে প্রশাসক বসানো হলে সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখা হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই মুখপাত্র। তিনি জানান, দলটির ছয়টি আসনের অনুপাতে একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা রয়েছে। তবে জোটের সমন্বয়ে এনসিপি সেটি পাবে কি না বা নেবে কি না—সে বিষয়ে এখনো আলোচনা চলমান রয়েছে।














