ক্ষতিগ্রস্ত প্রবাসীরা ফিরলে কর্মসংস্থান ও ক্ষতিপূরণ দেবে সরকার: নুরুল হক নুর
- আপডেট সময় : ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকরা দেশে ফিরলে সরকার তাদের কর্মসংস্থান ও ক্ষতিপূরণসহ সার্বিক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণঅধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তবে পরিস্থিতি খারাপ হলে দেশে ফেরা প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে ব্যবস্থা নেবে। যেসব প্রবাসীর বিমানের টিকিট বাতিল হয়েছে, তারা যাতে নতুন করে টিকিট পান এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়ানো যায়—সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যুদ্ধকবলিত এলাকায় কয়েকজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার তৈরির জন্য সরকার কাজ করছে।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন-এর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।




















