শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা ঈদে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ
- আপডেট সময় : ০৪:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
ঢালিউডের সুপারস্টার শাকিব খান সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘প্রিন্স’ দর্শক ও সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির বিভিন্ন টেকনিক্যাল জটিলতার কারণে এটি সমালোচনার মুখে পড়ে। মুক্তির ১০ দিন পর, ৩১ মার্চ রাতে উত্তরা সেন্টার পয়েন্ট-এর স্টার সিনেপ্লেক্স-এ বিশেষ প্রদর্শনী ও সংবাদ সম্মেলনে শাকিব খান সিনেমার প্রসঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং অন্যান্য অভিনেতারা।
শাকিব খান বলেন, “আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি, মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। পরবর্তী সিনেমায় ত্রুটিগুলো খেয়াল করবো।”
তিনি আরও জানান, “৩০টির বেশি গল্পের মধ্যে একটি গল্প বেছে নিলাম। তবে তিন মাস ভারতে কাজের অনুমতি না পাওয়ায় শুটিং স্থল বদলাতে হয়েছে এবং ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করতে হয়েছে। এতে অনেক ত্রুটি থেকে গেছে। তাসনিয়া ফারিণের সঙ্গে আইটেম গান ও পরী গান একদিনে শেষ করতে হয়েছে, যা শুধুই সময়সীমার কারণে হয়েছে।”
শাকিব খান উল্লেখ করেন, প্রযুক্তিগত সমস্যার কারণে মুক্তির প্রথম পাঁচ দিন মাল্টিপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হয়নি, যা বড় ক্ষতির কারণ হয়েছে। তাঁর কথায়, “ঈদের পরও পাঁচ দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারিনি। এটা আমাদের জন্য খুব কষ্টের।”
সর্বশেষে তিনি দর্শক ও সমালোচকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ভালো সিনেমা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।




















