আইডিআরএতে চেয়ারম্যান-সদস্য পদে বয়সসীমা তুলে নিচ্ছে সরকার
- আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা সংশোধন করা হচ্ছে।
বর্তমান আইনের ধারা অনুযায়ী, আইডিআরএর চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। তবে এই সীমাবদ্ধতার কারণে বীমা খাতে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়োগে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল বলে মনে করছে সরকার।
এ কারণে জনস্বার্থে এবং যোগ্য ব্যক্তিদের সুযোগ বাড়াতে বয়সসীমা সংক্রান্ত বিধানটি বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনের ফলে এখন থেকে বয়সের কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সীমা ছাড়াই এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, এশিয়ার বিভিন্ন দেশে বীমা নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বয়সসীমা নির্ধারণের বাধ্যবাধকতা নেই। বিশেষ করে শ্রীলঙ্কা ও নেপাল-এ এ ধরনের কোনো সীমা নেই। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই বাংলাদেশেও আইন সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।




















