স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা
- আপডেট সময় : ০৬:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে আইনশৃঙ্খলা, অভিবাসন ও অর্থনৈতিক সহযোগিতা—এই তিন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ বৈঠকে অংশ নেন।
আলোচনায় সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু বিষয়টি গুরুত্ব পায়। রাষ্ট্রদূত দ্রুত প্রক্রিয়া সম্পন্নের আহ্বান জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই করে বাকি কাজ সম্পন্ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, পাসপোর্ট প্রদানে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং একটি বিশেষ টিম এ কাজে কাজ করছে।
বৈঠকে জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও আলোচনা হয়। পাশাপাশি জনশক্তি রপ্তানির বাইরে নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার ওপর দুই পক্ষই গুরুত্ব দেয়।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হয়, যেখানে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়ানোর বিষয়ে একমত হয় দুই দেশ।
এছাড়া সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান, যা আগামী জুলাইয়ের প্রথমার্ধে হতে পারে বলে জানানো হয়।
উভয় পক্ষই মনে করে, বাংলাদেশ–সৌদি সম্পর্ক শুধু শ্রমবাজারনির্ভর নয়, বরং নিরাপত্তা, অর্থনীতি ও বিনিয়োগসহ বহুমুখী সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে।




















