নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যা
- আপডেট সময় : ১১:০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের দুই সন্তান পারভেজ হোসেন (১০) ও সাদিয়া খাতুন (৩)। প্রাথমিকভাবে জানা গেছে, হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ঘরের ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি সোমবার সন্ধ্যায় মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভে দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় পরিবারের সদস্যরা তাদের চিনে ফেলতে পারে—এমন আশঙ্কায় দুর্বৃত্তরা সবাইকে হত্যা করে। হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়। এমনকি পপি খাতুনের কানের দুলও ছিনিয়ে নেওয়া হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ঘটনাটি ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে।




















