সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা আজ শেষ
- আপডেট সময় : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। এরপর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং সেই আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। পরে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। সেই অনুযায়ী ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন বরাদ্দ হতে পারে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, জোটভিত্তিক নির্ধারিত আসনের চেয়ে বেশি প্রার্থী না থাকলে অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট তাদের ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটও ১৩ জনের মনোনয়নপত্র প্রস্তুত করেছে।
এ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী। বাকি প্রার্থীরা আজ শেষ সময়ের মধ্যেই মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।




















