সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
- আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হওয়ার পর অনেকেই তার সংসদে না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং সহানুভূতি জানিয়েছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব প্রসঙ্গে তিনি জানান, তাকে এ ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন। কোন রাজনৈতিক দল থেকে এই প্রস্তাব এসেছে, তা তিনি উল্লেখ করেননি।
তাসনিম জারা বলেন, সংসদে গিয়ে মানুষের স্বার্থে কাজ করার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। তবে সংরক্ষিত নারী আসন নিয়ে তার নীতিগত অবস্থানের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগে ঐকমত্য কমিশনে মত দিয়েছিলেন যে সংরক্ষিত নারী আসন সরাসরি জনগণের ভোটে পূরণ হওয়া উচিত, দলীয় মনোনয়নের মাধ্যমে নয়। এ বিষয়ে তিনি যুক্তি তুলে ধরার পাশাপাশি প্রচারণাও চালিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর নিজের অবস্থান থেকে সরে আসা তার পক্ষে সম্ভব হয়নি। যারা সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন, তাদের প্রতি কোনো নেতিবাচক মন্তব্য নেই বলেও জানান তিনি। বরং তারা যোগ্য ব্যক্তি এবং সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
সংরক্ষিত আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে তিনি বলেন, সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে নির্বাচিতদের ক্ষেত্রে সেই জবাবদিহির কাঠামো দুর্বল থাকে। তার মতে, এটি কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি কাঠামোগত সীমাবদ্ধতা।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সরাসরি ভোটের মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তাসনিম জারা জানান, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অল্প সময়ের প্রচারণাতেও তিনি উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন বলে দাবি করেন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও তিনি ফলাফল মেনে নিয়েছেন।
উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে দল থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।




















