উজিরপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত
- আপডেট সময় : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে আকিজ কোম্পানির একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ইছলাদী শেখের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন।
নিহত প্রান্ত মন্ডল (২৪) বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে। তিনি নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, প্রান্ত মন্ডল নিজ মোটরসাইকেলে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইছলাদী এলাকায় পৌঁছালে ঢাকাগামী আকিজ পরিবহনের একটি পিকআপের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শামীম শেখ জানান, দুর্ঘটনার পর পিকআপটি ঢাকার দিকে পালিয়ে যায়। ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




















