রাজধানীর কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু
- আপডেট সময় : ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন-এ ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে চাকার নিচে কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসমা ভূঁইয়ার বাড়ি রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মমিন ভূঁইয়া।
নিহতের মেয়ের জামাই সাইফুল জানান, সকালে স্বামী-স্ত্রী মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে কমলাপুর আসেন। পরিকল্পনা ছিল সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জে যাবেন। কিন্তু কমলাপুরে আরেকটি ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত আসমা ভূঁইয়া পা ফসকে পড়ে যান এবং ট্রেনের চাকার নিচে কাটা পড়েন।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




















