শ্যামনগরে কৃষিজমির টপ সয়েল কাটায় জরিমানা
- আপডেট সময় : ০৫:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে কৃষিজমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ভবানীপুর এলাকায় কৃষিজমির মাটি ইটভাটায় নেওয়ার সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন।
দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম একই এলাকার মুজিবর রহমানের ছেলে এবং ঘের ব্যবসায়ী। অভিযোগ অনুযায়ী, তিনি নিজের কৃষিজমির মাটি ইটভাটায় সরবরাহ করছিলেন, যা কৃষিজমি সুরক্ষা আইনের পরিপন্থী।
ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ১ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করায় তাকে লঘুদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন জানান, কৃষিজমির টপ সয়েল ইটভাটায় ব্যবহারের সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















