চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, কর্মবিরতি প্রত্যাহার
- আপডেট সময় : ১২:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ-এ বাস শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ শনিবার থেকে দূরপাল্লা, আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তার সংগঠনের ডাকে গত শুক্রবার পুরো দিন জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ছিল।
তিনি জানান, সড়কে বাস থামিয়ে একটি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে এই কর্মবিরতি শুরু হয়েছিল। বিষয়টি নিয়ে রাতে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে অভিযোগ ওঠে, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর এলাকায় বাস থামিয়ে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদেই মূলত শ্রমিকদের একটি অংশ কর্মবিরতিতে যায়।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন জেলা ও আন্তঃজেলা রুটে যান চলাচল আবার সচল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




















