হিজলায় নতুন ওসির হুঁশিয়ারি: মাদক-জুয়া দমনে কঠোর পদক্ষেপ
- আপডেট সময় : ০১:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বরিশাল জেলার হিজলা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে বিশেষ তৎপরতা শুরু করেছেন হিজলা থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মো. সোলায়মান। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও গণপরিবহন স্টান্ড পরিদর্শন করে শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করছেন।
“আমি হিজলা উপজেলার প্রতিটি কোণায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। মাদক, জুয়া এবং বাজারের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। হিজলাবাসীকে একটি নিরাপদ পরিবেশ উপহার দিতে আমার এই চেষ্টা যথাযথভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জনস্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি মাদক, জুয়া এবং সড়ক বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নিয়েছেন।
তিনি সম্প্রতি কাউরিয়া বন্দর, হরিনাথপুর, টেকের বাজারসহ বেশ কয়েকটি বড় বাজারে অভিযান চালিয়ে নিত্যপণ্যের বাজার দর তদারকি করেন। এছাড়াও বাস স্ট্যান্ড ও লঞ্চঘাটে যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। ওসি সোলায়মান জানান, হিজলা উপজেলাকে অপরাধমুক্ত ও সুশৃঙ্খল রাখতে তার এই অভিযান এবং পর্যবেক্ষণ নিয়মিত অব্যাহত থাকবে।




















