জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
জয়পুরহাট পৌর শহরে মাছুয়া বাজার থেকে পাচুর মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে প্রধান লক্ষ্য ছিল জনসাধারণের চলাচল সহজ করা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, শহরের প্রধান সড়কের দুই ধারে কিছু অসাধু ব্যবসায়ী দোকানের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ফুটপাত দখল করে মালামাল রেখে ব্যবসা করছিলেন।
ফুটপাত দখল ও রাস্তা অবৈধভাবে ব্যবহার করার কারণে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। প্রশাসন জানিয়েছে, জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে এবং যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে জয়পুরহাট সদর ট্রাফিক বিভাগের শহর ও যান পুলিশ পরিদর্শক মোমেন আলী, সারজেন্ট বিপুল, এসআই মেহেদী উপস্থিত ছিলেন।




















