গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি
- আপডেট সময় : ০৭:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নিয়মিত শিক্ষার্থীদের জন্য যে সিলেবাস অনুযায়ী পড়ানো হয়েছে, তার বাইরে থেকে প্রশ্ন এসেছে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য।
গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে এ বছর ২৮ জন অনিয়মিত শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা গত বছর নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হলেও এ বছর পুনরায় ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, পুরো বছরজুড়ে তাদের নিয়মিত শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী পড়ানো হয়েছে এবং টেস্ট ও মডেল টেস্টও একই প্রশ্নে নেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তারা বুঝতে পারেন, সেগুলো তাদের প্রস্তুতির বাইরে। এতে অনেকেই তাৎক্ষণিকভাবে আপত্তি জানান।
এক শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, পরীক্ষার হলে প্রশ্ন দেখে তারা হতাশ হন এবং বিষয়টি পরবর্তীতে বিদ্যালয়ে গিয়ে জানান। তবে প্রধান শিক্ষক কোনো সন্তোষজনক উত্তর দেননি বলে অভিযোগ করেন তিনি।
আরেক শিক্ষার্থী সঙ্গীতা দাস বলেন, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন প্রশ্ন থাকবে—এ বিষয়টি আগে জানানো হয়নি। ফলে তাদের প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি।
অভিভাবকরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের দাবি, নিয়মিত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হতো।
তবে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ীই পরীক্ষা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র সঠিক ছিল বলে তিনি মন্তব্য করেন এবং সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।



















