শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা
- আপডেট সময় : ০৬:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
শেরপুরে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে পাচারের সময় ৮৩৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান থেকে চারটি ড্রামভর্তি ডিজেল জব্দ করা হয়। এ সময় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটকরা হলেন রবিন ও জিয়াউর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বাবর ফিলিং স্টেশন থেকে চারটি ড্রামে করে প্রায় ৮৩৫ লিটার ডিজেল পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যানসহ তেল জব্দ করে এবং দুজনকে আটক করে।
পরদিন বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা আরোপ করা হয় স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ফজলুল হকের নামে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার জানান, অবৈধভাবে তেল মজুত ও পাচারের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত তেল উন্মুক্তভাবে বিক্রি করে প্রায় ৯৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, জব্দকৃত তেল ও আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে। জরিমানা পরিশোধের পর দুই কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, এ ধরনের অবৈধ জ্বালানি পাচারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।



















