ঘন কুয়াশা কাটতেই দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
- আপডেট সময় : ০৯:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন–এর দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। দুর্ঘটনা এড়াতে সোমবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে করপোরেশন কর্তৃপক্ষ। পরে সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন জানান, ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে যাওয়ায় সকাল ৯টা থেকে আবারও নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ১৪টি ফেরির মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।




















