মহেশখালীতে খাটের নিচে মিলল এলজি ও কার্তুজ: অস্ত্রধারী যুবক গ্রেফতার
- আপডেট সময় : ১১:২০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও দুই রাউন্ড কার্তুজসহ মো. করিম (২৭) নামে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত করিম দক্ষিণ রাজঘাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল দক্ষিণ রাজঘাট এলাকায় করিমের বসতঘরে হানা দেয়। এ সময় তাকে আটক করার পর ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার শোয়ার ঘরের খাটের জাজিমের নিচ থেকে একটি সচল ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
মহেশখালী থানা পুলিশ জানায়, এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৬, জিআর-৭৪/২৬)। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অপরাধ দমনে এ ধরণের বিশেষ অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।




















