বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, তিনজন আহত
- আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাজার এলাকায় আজ রবিবার সকাল সাড়ে ৫টায় একটি বাস খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত হয়েছেন ইতি চক্রবর্তী (৪৫), বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০), কন্যা উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরুপকাঠি উপজেলার বাসিন্দা পবিত্র মজুমদার (৫০)। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজে অংশ নেওয়া গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা গ্রীনভিউ পরিবহনের বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি তিন-চারবার উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, দুর্ঘটনার কারণে একজনের মৃত্যু হয়েছে এবং আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















