কাপাসিয়ায় জ্বালানি তেল বিক্রিতে নজরদারি জোরদার
- আপডেট সময় : ০৭:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে মনিটরিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে সরেজমিন তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।
সোমবার (৩০ মার্চ) বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে কর্মকর্তারা জ্বালানি তেলের মজুত, বিক্রয় প্রক্রিয়া এবং নির্ধারিত মূল্য অনুসরণ করা হচ্ছে কিনা তা যাচাই করেন। জানা গেছে, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. এমরান হোসেন ‘মোল্লা ফিলিং স্টেশন’-এ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কিবরিয়া হোসেন ‘দ্বীন ফিলিং স্টেশন’-এ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম ‘জাহান ফিলিং স্টেশন’-এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজুল আমিন ‘নেমো ফিলিং স্টেশন’-এ মনিটরিং করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ এবং অনিয়ম বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত এই নজরদারি কার্যক্রম চালু থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন, কোনো ফিলিং স্টেশনে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।




















