পুলিশে গুরুত্বপূর্ণ পদে রদবদল, একাধিক কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন
- আপডেট সময় : ১১:৪০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দেশের পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খান-কে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ওই শাখায় কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন-কে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদের-কে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহান-কে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। একই আদেশে অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তার-কে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকি-কে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত উপকমিশনার অরিত সরকার-কে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।
এই রদবদলকে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















