ফার্মগেটে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত
- আপডেট সময় : ০৩:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় মো. মামুন ফরাজী (৩৩) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার মো. সিকান্দার ফরাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী কাজী ফয়সাল জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সেটির দরজা ভেঙে যায়। এতে চালক মামুন ফরাজী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তিনি সড়কেই পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টা ৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে রাখেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট তেজগাঁও থানাকে জানানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।




















