হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি
- আপডেট সময় : ১২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর যুবদলের নেতাকর্মীরা মব করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি দিয়েছে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি।
মঙ্গলবার রাতে পাঠানো এক প্রতিবাদলিপিতে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান বলেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংঘটিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনা ন্যক্কারজনক এবং এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
প্রতিবাদলিপিতে দাবি করা হয়, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। উল্লেখ করা হয়, মনজুর আলম ২০১০ ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন এবং দলীয় নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
সংগঠনটি অভিযোগ করে, ওই সময় কোনো ধরনের প্রতিবাদ না থাকলেও মঙ্গলবার তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানো হয়েছে, যা রাজনৈতিক অসহিষ্ণুতা ও দ্বিচারিতার বহিঃপ্রকাশ।
জাতীয় যুবশক্তি তাদের বিবৃতিতে জানায়, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে তা সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা কখনোই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
একইসঙ্গে, দেশের সব রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।




















