এনসিপি থেকে মেয়র পদে নির্বাচনের বিষয়ে মুখ খুললেন মনজুর আলম
- আপডেট সময় : ১২:২৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম এর বাসায় সফর এবং তা ঘিরে সৃষ্ট আলোচনা নিয়ে মুখ খুলেছেন তিনি। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গিয়ে সাক্ষাৎ করলেও এ নিয়ে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন সাবেক এই মেয়র।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মনজুর আলম বলেন, তাকে এনসিপি থেকে মেয়র পদে নির্বাচনে করা হবে—এমন গুঞ্জন থাকলেও তিনি নিজে কখনোই নির্বাচন করার কথা বলেননি। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গেও কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।
তিনি জানান, চট্টগ্রামে একটি কর্মসূচিতে অংশ নিতে এসে হাসনাত আব্দুল্লাহ তাকে ফোন দেন এবং তার বাসায় আসার ইচ্ছা প্রকাশ করেন। পরে তিনি তাকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান। বিকাল ৩টার দিকে হাসনাত তার বাসায় এসে খাবার গ্রহণ করেন।
মনজুর আলম বলেন, এ সময় বাসার বাইরে স্থানীয় কিছু যুবক জড়ো হয় এবং নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে বিভিন্ন প্রশ্ন করে। পরে হাসনাত নিজেই বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সেখান থেকে চলে যান।
এ সময় জড়ো হওয়া কয়েকজনকে মনজুর আলমকে আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, তার নামে কোনো মামলা নেই এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি প্রশ্ন রাখেন, “আমি বিএনপির মেয়র ছিলাম, আওয়ামী লীগের দোসর হবো কীভাবে?”
তিনি আরও বলেন, সেখানে উপস্থিত অধিকাংশ ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের বাড়িঘর আশপাশের এলাকাতেই।
মনজুর আলম জানান, ২০১৫ সালের নির্বাচনের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন এবং বর্তমানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
উল্লেখ্য, তিনি ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।




















