নকলবিরোধী নজরদারিতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শিক্ষামন্ত্রীর
- আপডেট সময় : ০৪:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ড. আ ন ম এহছানুল হক মিলন নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার সকালে তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এর অধীনে অনুষ্ঠিত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী কখনও জানালার ফাঁক দিয়ে, আবার কখনও সরাসরি কাচ সরিয়ে পরীক্ষা কক্ষের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার এই কার্যক্রমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
তিনি ঢাকা বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তেজগাঁও কলেজসহ একাধিক কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স-এ মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষাও পর্যবেক্ষণ করেন।
এর আগে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্বলতা থাকলে তা কঠোরভাবে তদন্ত করা হবে এবং মেধাবীদের বঞ্চিত না করার বিষয়টি সরকার গুরুত্ব দিচ্ছে।
ঢাকায় মোট ৯টি ভেন্যুতে চারটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রুপে পরীক্ষা চলছে।




















