নওগাঁতে ১ কোটি ৬০ লাখ টাকায় দুই খাল খনন উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে
নওগাঁ সদর উপজেলা-তে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুইটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিলে ফলক উন্মোচনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে খালের পাড়ে ফলজ গাছ ও শাকসবজি চাষের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর ইজিপিপি কর্মসূচির আওতায় এই খাল দুটি খনন করা হচ্ছে। এর মধ্যে একটি খালের দৈর্ঘ্য ২ হাজার ৪০ মিটার এবং ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। অন্যটির দৈর্ঘ্য ১ হাজার ২০০ মিটার এবং ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।




















