জ্বালানি তেলের দাম বাড়ায় সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ মালিক সমিতির
- আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় সময়োপযোগী পদক্ষেপ।
শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানান সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে দাম নির্ধারণ করায় সরকারকে সাধুবাদ জানানো হচ্ছে। এর ফলে বাজারে তেল মজুত করে রাখার প্রবণতা কমবে এবং বিক্রয় ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে বলে তারা মনে করেন।
এর আগে একই রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ২০ টাকা বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম ১৮ টাকা বৃদ্ধি পেয়ে ১৩০ টাকা এবং ডিজেলের দাম ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, নতুন এ মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়েছে। এর ফলে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত এই নতুন দামে জ্বালানি তেল বিক্রি করতে হবে।




















