আগামীকাল বগুড়া পৌরসভা সিটি করপোরেশন উদ্বোধন করবেন তারেক রহমান
- আপডেট সময় : ১১:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা-কে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়ার প্রশাসনিক কাঠামোতে একটি বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে।
সবশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সরকারের আমলে পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয় এবং গেজেট প্রকাশিত হয়। একই সঙ্গে ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১টি করা হয়েছিল।
তৎকালেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হলেও নানা প্রশাসনিক জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়েও বগুড়াবাসীর পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও সেটি বাস্তবায়নের মুখ দেখেনি।
পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব দেন। এরপর গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি গ্রহণ এবং তা নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।
গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বগুড়া সফরকালে জানান, ২০২৫ সালের ডিসেম্বরের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। তবে সে সময় তা বাস্তবায়িত হয়নি।
সবশেষ মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব কমিটির সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া এখন আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের মর্যাদা পেতে যাচ্ছে।




















