হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নুসুক কার্ড বাধ্যতামূলক
- আপডেট সময় : ১২:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সৌদি আরব-এ হজ ও ওমরাহ পালনের উদ্দেশে যাওয়া যাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম কার্ড এখন বাধ্যতামূলক করা হয়েছে। এই কার্ড ছাড়া মক্কার মসজিদে হারাম এবং অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, নুসুক কার্ড সবসময় সঙ্গে রাখতে হবে এবং এটি ছাড়া কোনোভাবেই পবিত্র স্থানগুলোতে প্রবেশ করা যাবে না।
আগামী হজ মৌসুমকে সামনে রেখে এই সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলের মাধ্যমে বিষয়টি প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
নুসুক কার্ড সৌদি সরকারের একটি ডিজিটাল ব্যবস্থা, যা হজ ও ওমরাহ যাত্রীদের পরিচয় ও অনুমতিপত্র হিসেবে কাজ করে। এর মাধ্যমে পবিত্র স্থানগুলোতে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এর আগে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করা হয়, এবং বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।




















