অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামে ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ
- আপডেট সময় : ১২:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-এর আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানায় অ্যামোনিয়ার সংকটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মাঈনুল হক। তিনি জানান, ৪ মার্চ থেকে কারখানাটি নিয়মিত অ্যামোনিয়া সরবরাহ পাচ্ছিল না। মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে এতদিন উৎপাদন চললেও এখন তা শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
এটি চট্টগ্রামের তৃতীয় রাষ্ট্রায়ত্ত সার কারখানা, যেখানে গ্যাস ও অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন বন্ধ হলো। এর আগে একই সংকটে ৪ মার্চ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর উৎপাদনও বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীনে পরিচালিত এই ডিএপি সার কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। দেশের কৃষিখাতে নাইট্রোজেন ও ফসফরাস–সমৃদ্ধ সার সরবরাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কারখানাটির দুটি ইউনিটে প্রতিটি ৮০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা রয়েছে। পাশের সার কারখানাগুলো থেকে সরবরাহ করা অ্যামোনিয়ার ওপর নির্ভর করেই এখানে উৎপাদন চলত। তবে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এখন পুরো কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে।




















