মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফরে নতুন প্রটোকল নির্দেশনা জারি
- আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় ও সরকারি কাজে দেশ-বিদেশে সফরের ক্ষেত্রে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়, যা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীরা বিদেশে গেলে বা দেশে ফিরলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরীণ সফরের ক্ষেত্রে তাদের একান্ত সচিব উপস্থিত থাকবেন।
জেলা পর্যায়ের সফরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োজন অনুযায়ী অভ্যর্থনা ও বিদায় জানাবেন। তবে বাধ্যতামূলকভাবে তাদের উপস্থিত থাকতে হবে না; প্রয়োজন হলে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন।
উপজেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপারসহ স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন। জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি আবশ্যক নয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা নেবে। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট রুটের পুলিশ ইউনিটগুলোকে আগে থেকেই অবহিত করতে হবে এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থাকবেন।
সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্টদের জানাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে। সফর সরকারি নাকি ব্যক্তিগত—তা আগেই জানানো বাধ্যতামূলক। সরকারি সফরে যানবাহন ও আবাসনের ব্যবস্থা থাকবে, ব্যক্তিগত সফরে হলে ব্যয়ের নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
সরকার জানিয়েছে, ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা পূর্বের নির্দেশনা বাতিল করে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।




















