মাদক বিরোধের জেরে ছেলের পরিবর্তে বাবাকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাদক সংক্রান্ত বিরোধের জেরে রহিম ভূট্টু (৪৫) নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথায় ঘটেছে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক লেনদেনকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, লিটন নামে এক ব্যক্তি মাদক কেনার জন্য আমজাদ নামের কথিত মাদক ব্যবসায়ীর কাছে টাকা দেয়। নির্ধারিত সময়ে মাদক সরবরাহ না হওয়ায় টাকা ফেরত নেওয়ার বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় চাচাতো ভাই আল-আমিন বিষয়টি জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
অভিযোগ অনুযায়ী, আল-আমিনের ছোট ভাই আমির হোসেনকে সম্রাট মাঝি কৌশলে ওই এলাকার আমতলী নামক নির্জন স্থানে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বেই ওত পেতে থাকা বেলাল, আমজাদ ও খোকন মাঝি তাকে বেদম মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এর ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুইপক্ষের মধ্যে ফের বিরোধ দেখা দেয়। অভিযোগ, আমিরকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলে তাঁর পিতা রহিম ভূট্টু দালালকে পেছন থেকে বেলাল, আমজাদ, খোকন, সাগর ও সম্রাট এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুল ইসলাম সুমন মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত রহিম ভূট্টুর নামে পূর্বে চারটি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।




















