৮ ফাল্গুনে মহান শহীদ দিবস পালনের প্রস্তাব দিলেন এমপি মাসুদ সাঈদী
- আপডেট সময় : ০৮:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘২১ ফেব্রুয়ারি’র পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে মাসুদ সাঈদী বলেন, আমরা রক্ত দিয়েছি বাংলা ভাষার জন্য, আর সেই ঐতিহাসিক দিনটি ছিল ৮ ফাল্গুন। কিন্তু এখনও দিবসটি ইংরেজি তারিখ ২১ ফেব্রুয়ারি অনুযায়ী পালন করা হচ্ছে। তিনি মনে করেন, ভাষার প্রতি পূর্ণ সম্মান জানাতে হলে দিবসটি বাংলা পঞ্জিকা অনুযায়ী পালন করা উচিত। বর্তমান সরকার যেহেতু জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে গঠিত, তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত অন্যায়ের কাছে মাথা নত না করা। একুশের চেতনা আমাদের যে শিক্ষা দেয়, তা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরে ধারণ করতে হবে। প্রতিবছর আলোচনা সভা ও আনুষ্ঠানিকতার মধ্যেই দিবসটি সীমাবদ্ধ থাকছে উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
মাসুদ সাঈদী বলেন, আমরা জীবন ও রক্ত দিয়েছি বাংলা ভাষার মর্যাদার জন্য। সেই দিনটি ছিল ৮ ফাল্গুন, অথচ আমরা এখনও ২১ ফেব্রুয়ারি পালন করছি। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি ভেবে দেখবে এবং একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন পালনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।




















