প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলে এসে স্কুলছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক
- আপডেট সময় : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
প্রেমের টানে সুদূর চীন থেকে এসে টাঙ্গাইলের ঘাটাইলে এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কৌতূহলী মানুষ ভিড় করছেন কিশোরীর বাড়িতে।
জানা গেছে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা-র লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরি গ্রামে নবম শ্রেণিতে পড়া মায়া আক্তার (১৬)-এর সঙ্গে চীনের গানসু প্রদেশ-এর সানজিয়া টাউনশিপ গ্রামের বাসিন্দা জংজিয়াং মামুসার পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম WeChat-এর মাধ্যমে। প্রায় এক মাস আগে তাদের মধ্যে পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে গত ১৮ ফেব্রুয়ারি রাতে জংজিয়াং মামুসা বাংলাদেশে এসে পাঁচটিকরি গ্রামে পৌঁছান। এরপর ২১ ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে নবদম্পতিকে গ্রামের বিভিন্ন মেঠোপথ ও রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। স্থানীয় খাবার—মাছ, মাংস ও সবজিসহ নানা দেশীয় খাবারও উপভোগ করছেন চীনা যুবক।
চীনা নাগরিক মামুসা জানান, মায়ার ভালোবাসার টানেই তিনি বাংলাদেশে এসেছেন এবং তাকে বিয়ে করেছেন। পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
মায়া আক্তারও জানান, উইচ্যাটের মাধ্যমে তাদের পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে চীনে যেতে আগ্রহী।
স্থানীয়দের ভাষ্য, চীনা নাগরিক গ্রামে আসার খবর ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত থেকে মানুষ মায়ার বাড়িতে ভিড় করছেন। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
তবে মাত্র ১৬ বছর বয়সে ওই কিশোরীর বিয়ে হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন অনেকেই। যদিও মায়ার বাবা আব্দুল মালেক জানান, প্রথমে তিনি বিষয়টি মেনে নিতে পারেননি। পরে পরিস্থিতি মেনে নিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন এবং প্রয়োজনে তাকে চীনে পাঠাতেও রাজি আছেন।




















