জয়পুরহাটের কালাইয়ে মাদকসহ সাতজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
গ্রেপ্তারকৃতরা হলেন— জোবেদা বেগম (৩৮), মনোয়ার হোসেন (২৩), মোস্তাফিজুর রহমান (৩৫), জাবেদুর আলী (৩৯), আবু হাসান (৩৫), শাহীন মণ্ডল (৩২) এবং তার স্ত্রী পলি বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ ও ৩০ মার্চ দুই দিনে পরিচালিত যৌথ অভিযানে আহম্মেদাবাদ ও উদয়পুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার ৩৯৪ টাকা উদ্ধার করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















