ভোলায় ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানা দেড় লাখ টাকা
- আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
ভোলা জেলার বিসিক শিল্প নগরীতে দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই কারখানার মালিককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ মাহমুদ বুলবুল এই অভিযান পরিচালনা করেন। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—জামাল খানের মালিকানাধীন মেসার্স খান ফ্লাওয়ার মিলস এবং এনামুল হকের মালিকানাধীন তৃষ্ণা ফ্যাক্টরি। এর মধ্যে খান ফ্লাওয়ার মিলস থেকে ৪ হাজার লিটার এবং তৃষ্ণা ফ্যাক্টরি থেকে ২ হাজার লিটার তেল জব্দ করা হয়।
অভিযান চলাকালে কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা ভ্রাম্যমাণ আদালতের গাড়ির সামনে ইট ও বালির বস্তা ফেলে বিক্ষোভ করেন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিসিক শিল্প নগরীর একটি ময়দার কারখানায় অবৈধভাবে তেল মজুত রাখার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক অভিযানে জামাল উদ্দিন খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে তৃষ্ণা ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার তেল জব্দের পর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানের একপর্যায়ে শ্রমিকরা মজুত করা তেল বৈধ দাবি করে বিক্ষোভ শুরু করেন এবং ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের দুটি গাড়ি অবরুদ্ধ করার চেষ্টা করেন। পরে মালিক ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।
অভিযান শেষে দুই কারখানাই সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সায়েদ মাহমুদ বুলবুল জানান, বৈধ কাগজপত্র না থাকায় তেল জব্দ করা হয়েছে এবং জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কারখানার মালিক জামাল উদ্দিন খান দাবি করেছেন, তিনি বৈধ অনুমতি নিয়েই কারখানা পরিচালনার জন্য তেল মজুত করেছিলেন।




















