গুচ্ছ ভর্তি পরীক্ষা: আজ ‘বি’ ইউনিটে অংশ নিচ্ছেন ৯৩ হাজার পরীক্ষার্থী
- আপডেট সময় : ০৩:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সারাদেশের ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৯৩ হাজার ১০২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এছাড়া এবারও সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং কক্ষের গেট খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে এবং এতে প্রার্থীর ছবি ও তথ্য স্পষ্ট থাকতে হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত আসনে বসেই পরীক্ষা দিতে হবে এবং প্রবেশপত্র, উপস্থিতি তালিকা ও উত্তরপত্রে একই স্বাক্ষর থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক, পেনসিল ব্যবহার করা যাবে না।
এছাড়া পরীক্ষার সময় প্রবেশপত্রের পাশাপাশি উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রবেশপত্র ও উত্তরপত্রে স্বাক্ষর করবেন এবং ভবিষ্যতের প্রয়োজনে প্রবেশপত্র সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে।




















