নবগঠিত শিক্ষামন্ত্রীর বিতর্কিত পদক্ষেপে ক্ষুণ্ণ হচ্ছে সরকারের ভাবমূর্তি
- আপডেট সময় : ১১:৫৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
নবগঠিত বিএনপি সরকারের মাত্র দুই মাসের মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদক্ষেপগুলো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। মন্ত্রী তার নিয়ন্ত্রণমূলক দায়িত্ব অগ্রাহ্য করে বিভিন্ন ইস্যুতে আগাম ঘোষণা ও সিদ্ধান্ত নেয়ার কারণে বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
প্রধান আলোচ্য বিষয়গুলো হলো: গভর্নিং বডির সভাপতি পদে ডিগ্রি পাশের যোগ্যতা বাতিল ও পরে পুনঃস্থাপন, প্রথম শ্রেণির ভর্তিতে লটারির পরিবর্তে পরীক্ষা পদ্ধতি, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে এপ্রিলে নেওয়া, এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা, এবং তিন দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত। এসব পদক্ষেপ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও সমালোচনা তৈরি করেছে।
বিশ্লেষকরা বলছেন, শিক্ষামন্ত্রী একদিকে নবগঠিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, অন্যদিকে শিক্ষা খাতের অদক্ষতা ও অনিয়মের প্রতিবেশ তৈরি করছেন। শিক্ষামন্ত্রীর এমন কর্মকাণ্ড সরকারের প্রতি জনগণের আস্থা কমাচ্ছে এবং প্রশ্ন তুলছে—তিনি কি আদতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার পক্ষে কাজ করছেন নাকি বিপক্ষে।
অভিজ্ঞরা মনে করছেন, শিক্ষাখাতে দুর্নীতি ও অদক্ষতা দূর করতে শিক্ষামন্ত্রীর পদক্ষেপ অপরিহার্য হলেও বর্তমানে তার পদক্ষেপগুলোই সমস্যার সৃষ্টি করছে। শিক্ষামন্ত্রীর আগাম ঘোষণাসহ অসংগতিপূর্ণ সিদ্ধান্তগুলো সরকারের ভাবমূর্তি ও জনমতের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।




















