শারজাহতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- আপডেট সময় : ০১:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর-এর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় মো. হেলাল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, বরং তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে। পরিবারের দাবি, ১১ এপ্রিল শারজাহর ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকার কর্মস্থলে তাকে হত্যা করা হয় এবং পরে লাশ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়।
পরিবারের সদস্যরা জানান, সহকর্মীর মাধ্যমে হেলালের মৃত্যুর খবর তারা জানতে পারেন। তারা সহকর্মী বা কোম্পানির মালিকপক্ষের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।
হেলালের বাবা নুর আলম বলেন, তার ছেলে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, হেলাল ২০২৩ সালের নভেম্বরে চাকরির উদ্দেশ্যে আরব আমিরাতে যান এবং একটি পেইন্ট কন্ট্রাক্টিং কোম্পানিতে পেইন্টার হিসেবে কাজ করতেন। তার উপার্জনেই পরিবার চলত বলে জানান স্বজনরা।
এ বিষয়ে কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, ঘটনাটি এখনো থানায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।




















