লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ
- আপডেট সময় : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মদসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার সীমান্তের স্পর্শকাতর কয়েকটি এলাকায় চারটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির উত্তরপাড়া ও অনন্তপুর বিওপির বেন্নীরতল এলাকায় গভীর রাতে অভিযান চালানো হয়। একই সময়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির খামারভাতি এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর বিওপির শুটিবাড়ি এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা, ৩৩ বোতল মদসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়।
১৫ বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৭০০ টাকা এবং মদের মূল্য ৪৯ হাজার ৫০০ টাকা। অন্যান্য সামগ্রীসহ মোট জব্দকৃত পণ্যের মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ৭ হাজার ৩৫০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান দমনে বিজিবি নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করছে। তিনি জানান, এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।



















