জুলাই সনদ সংশোধন করে বাস্তবায়ন করবে সরকার: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে নানা প্রশ্ন রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ’-এর কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, যা সংশোধন করে বাস্তবায়ন করা হবে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশে স্বাধীন বিচারব্যবস্থা থাকলেও বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রে তার স্বকীয়তা ধরে রাখতে পারেনি। তার অভিযোগ, বিগত সরকারের সময় আদালত রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে ব্যর্থ হয়েছে এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে।
তিনি জানান, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং ‘জুলাই সনদ’ সম্পর্কিত আইনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে সংসদে উত্থাপন করা হবে। এসব আইনের ক্ষেত্রে পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের সুযোগ না থাকে, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
দেশে বিভক্তির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “৭১ ও ২৪ নিয়ে কোনো বিভক্তি চাই না।” সবাইকে বিভাজনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
আইনমন্ত্রী আরও জানান, যশোর আদালতের ঐতিহ্য পুনরুদ্ধার এবং বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি আইনজীবীদের জন্য বাংলাদেশ বার কাউন্সিল-এর মাধ্যমে মৃত্যুর পর আর্থিক সহায়তা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



















