হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান, জাহাজ চলাচলে বাড়ছে ঝুঁকি: সিএনএন
- আপডেট সময় : ০৯:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী-তে মাইন বসানো শুরু করেছে ইরান—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন গোয়েন্দাদের নতুন তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তেহরান ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে ওই অঞ্চলে জাহাজ চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
মার্কিন গোয়েন্দাদের মতে, মাইন বসানোর কাজ ইতোমধ্যে শুরু হলেও এখন পর্যন্ত খুব বেশি মাইন স্থাপন করা হয়নি। তবে গত কয়েক দিনে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।
তারা আরও জানান, ইরানের কাছে যে ছোট জাহাজ ও বিশেষ মাইন স্থাপনকারী নৌযান রয়েছে, তার প্রায় ৮০ শতাংশ এখনো ব্যবহার করা হয়নি। অর্থাৎ প্রয়োজন হলে দ্রুত আরও বড় পরিসরে মাইন বসানোর সক্ষমতা তাদের রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইরানের নৌবাহিনীর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির কাছে এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে, যার মাধ্যমে পুরো প্রণালীজুড়ে মাইনের জাল তৈরি করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ ছাড়া ইরানি বাহিনী বিস্ফোরক বোঝাই ছোট নৌকা ব্যবহার করে জাহাজের কাছে হামলা চালানো এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমেও শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত সপ্তাহে আইআরজিসি এক হুঁশিয়ারিতে বলেছিল, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেই জাহাজে হামলা চালানো হতে পারে। তাদের ভাষায়, এমন পরিস্থিতিতে জাহাজ ‘জ্বালিয়ে দেওয়া’ হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বাড়ে, তবে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন এই সামুদ্রিক পথ দিয়েই হয়ে থাকে।


























